ঢাকার সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী আইসোলেশনে রয়েছেন।
মঙ্গলবার সকালে ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশিচত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, করোনায় আক্রান্ত চিকিৎসক নিয়মিত নারায়নগঞ্জে চেম্বার করতেন। আর যেহেতু নারায়নগঞ্জেই করোনা আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত সবচেয়ে বেশী তাই আমরা ধারণা করছি সেখান থেকে উনি আক্রান্ত হয়েছেন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, গত কয়েকদিনে করোনা সন্দেহে সাভার থেকে মোট ৪১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল আইইডিসিআরে। তার মধ্যে ৪০ জনের ফলাফল নেগেটিভ আসে এবং একজনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
তিনি আরও জানান, ওই চিকিৎসক রাজধানীর শ্যামলী এলাকা থেকে প্রতিদিন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জরুরী বিভাগে রোগীদের চিকিৎসা সেবা দিতেন। করোনা আক্রান্ত হওয়ার পরে মঙ্গলবার তাকে চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদাসহ ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী আইসোলেশনে রয়েছেন। উপজেলা প্রশাসন সবাইকে বাড়িতে থাকার আহবান জানিয়েছেন।
তবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। এদিকে সাভার উপজেলা লকডাউন ঘোষনা করা হলেও বিভিন্ন এলকায় মানুষ অবাদে চলাফেরা করছেন।
লকডাউন অমান্য করে কেউ বাড়ির বাহিরে অযথা ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুমন। সাভারে ঢোকার সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা চৌকি। সার্বক্ষনিক মাঠে কাজ করছে তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
