করোনায় একদিনে মৃত্যুতে যুক্তরাষ্ট্রের নতুন রেকর্ড

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৮:৩৩ এএম

করোনাভাইরাসে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার) প্রাণঘাতী এই ভাইরাসে ২৪ ঘণ্টায় দেশটিতে ২,২২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়!

তাতে একদিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর নতুন রেকর্ড গড়ল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। ২৪ ঘণ্টায় মৃত্যুর আগের রেকর্ডটিও যুক্তরাষ্ট্রেরই ছিল। গত শুক্রবার দেশটিতে একদিনে প্রাণ হারিয়েছিল ২,১০৮ জন।

করোনার মোট মৃত্যুতে আগেই শীর্ষে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৭৫৭ জন।

রবিবার ও সোমবার দুইদিন মৃত্যুর সংখ্যাটা বেশ কমে এসেছিল যুক্তরাষ্ট্রে। সংখ্যাটা ছিল ১৫০০ ঘরে। তাতে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছিল বলেও ধারণা করছিলেন অনেকে। কিন্তু সবশেষ ২৪ ঘণ্টার মৃত্যুর রেকর্ড বড় চিন্তায় ফেলে দিয়েছে ।

মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ‘খুব দ্রুত’ করোনার লকডাউন উঠিয়ে নিতে পারে তার সরকার। সীমান্তের শেষ প্রান্তে ‘আলোক রশ্মি’ দেখতে পাচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে, করোনায় আক্রান্তের সংখ্যায়ও শীর্ষে আছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্র, মোট আক্রান্ত ৬ লাখ ৮’শ ছাড়িয়েছে।

করোনায় মৃত্যুর তালিকায় দ্বিতীয়স্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৭ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫০০ ছুঁই ছুঁই।

মৃতে তৃতীয়স্থানে থাকা স্পেনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৫৫ জন। আক্রান্তে দ্বিতীয়স্থানে আছে দেশটি, ১ লাখ ৭৪ হাজার।

আক্রান্ত বাড়ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারতেও। দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজার ছুঁই ছুঁই। মৃত ৩৯৩ জন।

মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১০১২ জন। মৃতের সংখ্যা ৪৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত