বিরামপুরে প্রতিপক্ষের হামলায় আরেক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৮:৩৮ এএম

দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মোস্তাফিজুর রহমান (৪৫) নামের আরেক জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোস্তাফিজুর রহমান উপজেলার পারভবানিপুর গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।

একই সংঘর্ষের ঘটনায় সোমবার চিকিৎসাধীন অবস্থায় ফিজুর রহমানের চাচা  আব্দুল বাকী (৫০) মারা যান।

এ ঘটনায় নিহত আব্দুল বাকীর ছেলে মো. কামরুজ্জামান মঙ্গলবার দুপুরে বাদী হয়ে বিরামপুর থানায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি  হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দশজন আসামিকে গ্রেপ্তার করেছে। 

মামলার বাদী কামরুজ্জামান দাবি করেন, তাদের দখলীয় জমিতে কচুক্ষেতে পরিচর্চার কাজ করছিলেন।

এ সময় প্রতিবেশী এমদাদুল পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবল নিয়ে হামলা করে। এতে তার বাবা বাকী এবং চাচাতো ভাই মোস্তাফিজুরসহ ছয়জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুল বাকীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে  আবদুল বাকী এবং মঙ্গলবার রাতে মোস্তাফিজুর রহমান মারা যান।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত ) মো. মতিয়ার রহমান জানান, পুলিশ দশজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত