অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৩:৫১ পিএম

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই অন্যান্য খেলাধুলার সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের ক্রিকেট। স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। শুরুতে অল্প সময়ের জন্য হলেও এবার এই লিগ স্থগিত করা হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য।

বুধবার এ সিদ্ধান্ত নেয় ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম)। সদস্য সচিব আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা আজ (বুধবার) সিদ্ধান্ত নিয়েছি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেলা থাকবে। যদি পরিস্থিতি ভালো হয় তাহলে ক্লাব ও বোর্ডের সাথে বসা হবে এবং তখন খেলা চালানো সম্ভব হলে চালাব।”

করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি হলে চলতি এপ্রিলে প্রিমিয়ার লিগ পুনরায় চালু করার কথা ছিল। তবে পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাওয়ায় এবার অনির্দিষ্টকালের জন্যই বন্ধ ঘোষণা করা হলো।

গত ১৭ মার্চ প্রথম রাউন্ড হয়েই বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগ। প্রাথমিকভাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সাময়িকভাবে বন্ধ হলেও লিগ কোনভাবেই ১৫ এপ্রিলের আগে শুরু হবে না। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ’।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল টি-টোয়েন্টি আসরও। বুধবার সে সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত