ঢাকা থেকে শরীয়তপুর ফেরার পথে ৮ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৪:২৪ পিএম

ঢাকা থেকে শরীয়তপু‌রের বাড়ি ফেরার পথে ৮ দিন ধরে লাইলী বেগম নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জি‌ডি) করা হয়েছে। 

নিখোঁজ লাইলী বেগম (৩৫) শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের সুমন মোল্যার স্ত্রী ও একই ইউনিয়নের ঢালীকান্দি গ্রামের আনিছ উদ্দিন ঢালীর মেয়ে।

তার ১৭ বছরের এক মেয়ে ও ১০ বছরের এক ছেলে রয়েছে।

নি‌খোঁজ লাইলী বেগমের স্বামী সুমন মোল্যা জানান, মার্চ মাসের শেষের দিকে লাইলী ডাক্তার দেখাতে ঢাকার মুগদা এলাকায় তার মামা সামসুল বেপারীর বাসায় যান।

গত বুধবার মামার বাসা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি যাত্রাবাড়ী এলাকায় এসে দুপুর ১টা ২মিনিটের সময় লাইলীর ব্যবহৃত মোবাইল ফোনে স্বামীকে জানান তিনি মোটরসাইকেলযোগে মাওয়া ঘাটে আসবেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে লাইলীর বাবা আনিস উদ্দিন ঢালী গত ১৩ এপ্রিল (সোমবার) নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জি‌ডি) করেন।     

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকার হওয়ায় আমরা তাদের স্বজনদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বলেছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত