নারায়ণগঞ্জ থেকে রাতের আঁধারে কিশোরগঞ্জ পালানোর পথে দুই শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। পরে তাদের নিজ নিজ বাসস্থানে পৌঁছে দেওয়া হয়। তবে তাদের বহনকারী পিকআপ ভ্যান ও ট্রলার জব্ধ করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে ফতুল্লা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আসলাম হোসন দেশ রূপান্তরকে জানান, কয়েকটি স্থানে পুলিশ অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে আটক করেছে। এ সময় কয়েকটি ট্রলার ও পিকআপ ভ্যান জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, রাত সাড়ে এগারটার দিকে চরবক্তাবলী এলাকা থেকে বুড়িগঙ্গা নদী দিয়ে একটি বাল্কহেডে করে ৭০ থেকে ৭৫ জন নারী পুরুষ কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে টহল পুলিশের টিম তাদের আটক করে। এর আগেও ১১ ও ১৩ এপ্রিল কয়েকটি ট্রলারে করে বেশ কয়েকজন নারী পুরুষ পলানোর চেষ্টা করেছিল। সে সময় তাদেরকেও আটক করা হয়েছিল।
মঙ্গলবার রাত দেড়টার দিকে পুলিশ গাবতলী টাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি পিকআপ ভ্যানভর্তি অর্ধশত নারী-পুরুষ, মাউড়াপট্টি থেকে চারটি পিকআপ ভ্যান ভর্তি অর্ধশতাধিক নারী-পুরুষ এবং সাইনবোর্ড এলাকা থেকে ট্রাকসহ আরও ৬০ জন নারী পুরুষকে আটক করেছে। যাত্রীরা সবাই কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন।
আটককৃতরা ফতুল্লার বিভিন্ন এলাকায় বসবাস করেন। আটকের পর তাদেরকে নিজ নিজ বাসায় পৌঁছে দিয়ে পরিবহনগুলো জব্দ করা হয়েছে। তবে লকডাউনের আইন অমান্য করে যাত্রী পরিবহনের অপরাধে পরিবহন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আটককৃতরা জানায়, কাজ নাই, ঘরে খাবার নাই। এই মুহূর্তে নারায়ণগঞ্জে থাকাটা ঝুঁকি। তাই গ্রামের বাড়িতে চলে যাচ্ছিলাম।
