বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে থানকুনি পাতা, আদা মিশ্রিত রং চায়ের পর সীতাকুণ্ডে এবার শুরু হয়েছে ডুমুর ফলের বীজ সদৃশ ফল কুড়িয়ে খাওয়া।
মঙ্গলবার দুপুর থেকে উপজেলাব্যাপী ‘আকাশ থেকে করোনার ওষুধ পড়ছে’ এমন একটি গুজব ছড়িয়ে পড়লে বাড়বকুণ্ড, সৈয়দপুর, গোলাবাড়িয়া ও শিবপুরসহ বিভিন্ন স্থানে লোকজন এই গোটা কুড়াতে থাকে। অনেকে এই বীজ পানিতে ভিজিয়ে সেই পানি পান করে। আবার অনেকে সরাসরি এই গোটা চিবিয়ে খেয়েছেন বলেও জানা যায়।
এদিকে সীতাকুণ্ড থেকে শুরু হওয়া এ গুজব চট্রগ্রাম জেলার হাটহাজারি, সাতকানিয়াসহ অন্যান্য উপজেলায়ও ছড়িয়ে পড়ে বলে জানা যায়।
তবে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, করোনাভাইরাস ভাল হওয়াতো দূরের কথা এই বীজ সরাসরি অথবা ভিজিয়ে পানি খেলেও অসুস্থ্য হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা এ ধরণের গুজব বিশ্বাস করে তারা পরবর্তিতে আরো বেশি অসতর্ক হয়ে যান বলেও তিনি মনে করেন।
করোনাকালীন এ সময় এ ধরণের গুজব থেকে জনসাধারণকে সতর্ক থাকতে তিনি পরামর্শ দেন।
