পরিবারের সবাই করোনা আক্রান্ত, মামার কাছে ঠাঁই শিশুর

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৮:১১ পিএম

চট্টগ্রামে পাহাড়তলীর এক পরিবারের শিশু ছাড়া সবাই করোনা আক্রান্ত হয়েছে। এরপর ওই শিশুটিকে কার কাছে রাখবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার। অবশেষে থানার ওসির উদ্যোগে তিনবছর বয়সী মেয়েটির ঠিকানা এখন এক মামার বাসায়।

৮ এপ্রিল সাগরিকা এলাকার এক বাসিন্দা গার্মেন্টস কর্মকর্তার করোনা শনাক্ত হয়। যিনি ওই এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। এ ছাড়া গত মঙ্গলবার চট্টগ্রামের ১১ জন করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে চারজন সাগরিকার ওই গার্মেন্টস কর্মকর্তার পরিবারের সদস্য।

পাহাড়তলী থানার ওসি মাইনুর রহমান বলেন, সাগরিকার ওই পরিবারে প্রথম করোনা আক্রান্ত হয় শিশুটির বাবা; যিনি একজন গার্মেন্টস কর্মকর্তা। এরপর করোনা পরীক্ষা হয় ছয় সদস্যের পরিবারের গার্মেন্টস কর্মকতার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের। মঙ্গলবার এর ফলাফল আসলে জানা যায়, তিন বছরের ছোট মেয়েটি ছাড়া বাকি সবাই করোনাভাইরাসে আক্রান্ত।

তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে শনাক্ত হওয়া পরিবারের সদস্যদের যখন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয় তখন দুশ্চিন্তায় পড়ে পরিবার। কারণ তাদের ছোট মেয়েটিকে রাখবে কোথায়? পরে তাদের অনেক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু কেউ ছোট্ট এ মেয়েটিকে রাখতে রাজি হচ্ছিল না। খোঁজাখুঁজি করে শিশুটির এক মামাকে পাই অনেক রাতে। তাকে বুঝালে তিনি মেয়েটিকে রাখতে রাজি হন। এরপর মঙ্গলবার রাত দেড়টার পর করোনা শনাক্ত হওয়া সদস্যদের হাসপাতালে নেয়া হয়। শিশুটির নিয়মিত খোঁজ রাখা হচ্ছে, যাতে শিশুটির কোনো সমস্যা না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত