শেরপুরে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৯:১৪ পিএম

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে জেলাটিতে মোট চারজনের মৃত্যু হলো।

এদিকে, এই ঘটনায় লুড্ডু মিয়ার বাড়িসহ আশপাশের ১৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন।

বুধবার সকালে পৌরশহরের মধ্যচাপাতলী এলাকায় লুড্ডু মিয়া (৩০) নামের ওই ফেরিওয়ালার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়। তিনি নৈশপ্রহরী গেন্দু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার থেকে লুড্ডু মিয়া জ্বর ও সর্দিতে ভুগছিলেন। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়। পরে মোবাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানোর পর অবস্থার অবনতি হলে ভোরে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন বলেন, গতরাতে তার পরিবারের সদস্যরা ফোন দেয়ার পর প্রয়োজনীয় ওষুধ সেবনের পরামর্শ দেয়া হয়। আজ সকালে তার নমুনা সংগ্রহের কথা ছিল। কিন্তু হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। তার শরীরের নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত