কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় রাস্তা থেকে উদ্ধার করে অসুস্থ যুবককে (৩৫) চিকিৎসার হাসপাতালে নেয়া হলেও শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার সকালে যুবক মারা গেছেন।
রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকার ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের রসুলপুর গ্রামে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেল থেকে জিনজিরা রসুলপুর এলাকায় এক যুবক রাস্তায় পড়ে ছিলেন। জিনজিরা ইউনিয়নে লকডাউন হওয়ায় এবং করোনা রোগী বেশি হওয়ায় অসুস্থ লোকটিকে ভয়ে কেউ স্পর্শ করছিল না।
তিনি বলেন, সন্ধ্যায় মডেল থানায় খবর এলে আমি আমার টিম নিয়ে ঘটনাস্থলে যাই। অসুস্থ যুবকটিকে পড়ে থাকতে দেখে কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবহত করি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্স আসলে যুবকটিকে উদ্ধার করে কেরানীগঞ্জের মালঞ্চ হাসপাতালে প্রেরণ করি।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন বলেন, অজ্ঞাত যুবকটিকে দেখে মনে হয়েছে সে রাস্তায় রাস্তায়ই থাকতো। সে আগে থাকতেই অসুস্থ ছিলো। আজ সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে করোনার কোনো লক্ষণই তার ছিলো না।
কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, করোনা আতঙ্কে দীর্ঘসময় অজ্ঞাত লোকটি অসুস্থ অবস্থায় পড়ে থাকলেও ভয়ে কেউ তার কাছ পর্যন্ত আসেনি। লোকটির নামপরিচয় এখনও জানা যায়নি।
