করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের হুবেই প্রদেশের উহানের একটি ল্যাবকে ঘিরে বিতর্ক থামছেই না। মার্কিন সরকারও ল্যাবটিকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছে। আল জাজিরার খবর।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, প্রাণঘাতী এই মহামারির উৎপত্তি কোথায় সেটি সম্পর্কে নিশ্চিত হতে তার প্রশাসন চেষ্টা করে যাচ্ছে। তার প্রশ্ন, উহানের ল্যাব থেকে কি ভাইরাসটি এসেছে?
উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি নিয়ে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে কথা হয়েছিল কী না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ল্যাবরেটরিটি নিয়ে তার সঙ্গে কী আলাপ হয়েছে তা আমি আলোচনা করতে চাই না। এই মুহূর্তে সেটি করা উচিত হবে না।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বেইজিংয়ের প্রতি আহ্বান জানান, কভিড-১৯ নিয়ে তারা যা জানে সেটি যেন আরও বেশি পরিষ্কার করে বলে।
তিনি বলেন, ‘আমরা জানি ভাইরাসটির উৎপত্তিস্থল উহান। সেখানকার যে মার্কেট থেকে ভাইরাসটি প্রথম ছড়িয়েছে তার অল্প দূরত্বেই অবস্থিত ল্যাবটি।’
পম্পেও বলেন, ‘চীন সরকারের আরও বেশি খোলাখুলি হওয়া উচিত। ভাইরাসটি আসলে কীভাবে ছড়াল, সেটি স্পষ্ট করলে আমাদের জন্য সহযোগিতা হয়।’
শুরু থেকে পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর দাবি, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি গবেষণাকেন্দ্রটি থেকেই নতুন করোনাভাইরাসটির সংক্রমণ ঘটেছে। করোনাভাইরাস নিয়ে বাদুড়ের ওপর পরীক্ষা চালিয়ে গবেষণা করতে গিয়ে নতুন করোনাভাইরাসটির ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
আবার উহানের সেই ল্যাবের করোনাভাইরাস নিয়ে গবেষণায় বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্রও, এমন খবরও প্রকাশ পেয়েছে।
এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ ৩৭ হাজারের বেশি। আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজার ৯৮৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ৬ লাখ ৩৮ হাজার ১১ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। বিপরীতে চীনের আক্রান্ত হয়েছেন ৮৩ হাজারের কিছু বেশি আর মারা গেছেন ৩ হাজার ৩৪৬ জন মানুষ। তবে করোনা সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ আছে দেশটির বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে, আক্রান্ত ও মৃত সংখ্যা আরও বেশি চীনে।
