সিলেটে করোনা উপসর্গে শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৬:৪১ পিএম

সিলেট নগরীর শাহজালাল উপশহরে করোনার উপসর্গ নিয়ে এক শিশুর (১০) মৃত্যু হয়েছে। ওই শিশু করোনায় আক্রান্ত ছিল কি-না তা পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ওই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শিশুটি কয়েকদিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিল। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে স্বজনেরা প্রথমে শিশুটিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা উপসর্গ দেখে শিশুটিকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে শিশুর পরিবারের লোকজন তাকে শামসুদ্দিন হাসপাতালে না নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। 

ডা. হিমাংশু লাল রায় জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। 

তিনি আরো জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় অল্প কয়েকজন মিলে দাফন করার জন্য ওই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত