সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল।
উপজেলার লাহিড়ী মহোনপুর ইউনিয়নের সাতবিলা গ্রামে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. শিহাব উদ্দিন (৩৬) ও পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বাগুয়ান গ্রামের আবু বক্করের ছেলে মো. আনছার আলী (৩১)। এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ র্যাব-১২ এর এএসপি শফিক জানান, ওই ২ অস্ত্র ব্যবসায়ী অন্যত্র থেকে এ ধরনের অবৈধ আগ্নেয় আস্ত্র এনে এই এলাকায় বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া এ কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইলসেট ও নগদ ৫০০ টাকাও তাদের কাছে থেকে উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা একটি মামলা দায়ের করা হয়। এরপর আলামতসহ গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
