করোনা পরিস্থিতিতে লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরায় জনসমাগম ও আড্ডাবাজি শনাক্তে এবার পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে ড্রোনের ব্যবহার। শুক্রবার কলারোয়া থানা পুলিশ ড্রোন ব্যবহার শুরু করে।
ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করে চিহ্নিত করা হচ্ছে আড্ডাবাজদের স্থান। চায়ের দোকান খোলা ও আড্ডাবাজি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে নেওয়া হবে ব্যবস্থা।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির-উল-গিয়াস বলেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে সকলের নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে ড্রোনের ব্যবহার শুরু করা হয়েছে। ড্রোনের মাধ্যমে আড্ডাবাজদের আস্তানা চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে করোনা প্রতিরোধে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। যারা বাইরে ঘোরাঘুরি করবে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, জনসমাগম ও আড্ডাবাজদের লোকেশন খুঁজে বের করতে অভিযান অব্যাহত থাকবে। সাতক্ষীরার মানুষকে ঘরে রাখতে পুলিশের নিরন্তর চেষ্টা অব্যাহত থাকবে।
