দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অস্ত্রসহ লঞ্চ মোতায়েন

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৩:৩৮ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জনগণের অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনার জন্য অস্ত্রসহ লঞ্চ মোতায়েন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি আবদুল মুন্নাফ।

নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার অমিত চৌধুরী জানান, বৃহস্পতিবার থেকে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ১৪ জন কর্মকর্তা ২৪ ঘণ্টা ভ্রাম্যমাণ হিসেবে অস্ত্র ও পোশাকসহ এ কাজে নিয়োজিত থাকবেন। লঞ্চে তাদের থাকা-খাওয়ার সবরকমের ব্যবস্থা রেখেই কার্যক্রমটি শুরু করা হয়েছে।

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, তৎপরতা বাড়াতে আরিচায় দুটি, দৌলতদিয়া ও পাটুরিয়ায় একটি করে লঞ্চ নিয়োজিত থাকার প্রস্তুতি শেষ হয়েছে।

ওসি আবদুল মুন্নাফ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল কাজে নিয়োজিত স্পিডবোডটি সংস্কারের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। আপাতত একটি লঞ্চ দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত