রেজিস্ট্রি করে বিয়ে, অনুষ্ঠানের টাকা দান করলেন পূজা

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০১:৪২ পিএম

ভারতীয় টিভি তারকা পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল বর্মার বিয়ের কথা ছিল ১৫ এপ্রিল। কিন্তু করোনার জেরে সব আয়োজন ভেস্তে যায়।

সম্প্রতি পূজা ঘোষণা করেছেন রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেলেছেন তারা। তাই আনুষ্ঠানিকভাবে পূজা-কুণাল এখন স্বামী-স্ত্রী। দুর্যোগ কেটে গেলে পরিবারের সঙ্গে উদযাপন করবেন তারা।

কুণালের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, “গতবছর দুর্গাপুজার সিঁদুর খেলার ছবি। আজ আমাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু এই কঠিন পরিস্থিতিতে সবকিছু বাতিল হয়েছে, যদিও একমাস আগে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। সুতরাং, অফিসিয়ালি আমরা বিবাহিত। বাবা-মায়ের আর্শীবাদ ও পরিবারের প্রিয়জনদের শুভেচ্ছা নিয়েই নতুন জীবন শুরু করছি।”

এ দিকে পূজা জানান, তারা বিয়ের অনুষ্ঠানের জন্য যে টাকা খরচ করতেন সেটা দান করেছেন। তিনি লেখেন, ”আমাদের পরিবার খুশি। কিন্তু চারপাশের অবস্থা দেখে আমরা শিহরিত। মানুষ জীবনের সঙ্গে লড়ছে, প্রিয়জনদের হারাচ্ছে। সবাইকে সুস্থ রাখার উদ্দেশ্যে আমাদের ছোট প্রয়াস, যে টাকা আমরা বিয়ের অনুষ্ঠানে খরচ করতাম সেই টাকা দান করছি। এটা উদযাপন করার সময় নয়, কিন্তু পরবর্তীতে পৃথিবী সুস্থ হলে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে আনন্দ করব।”

পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল বর্মার দেখা হয়েছিল ‘তুঝ সঙ্গ প্রীত লাগায়ি সাজনা’ ধারাবাহিকের সেটে, তারপরেই প্রেম। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মুখ না খুললেও ২০১৭ সালে বাগদান সম্পন্ন হয় তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত