সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা ও বক্তব্যের সমালোচনা করায় নোয়াখালী জেনারেল হাসপাতালের এক চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের দপ্তর থেকে হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগে কর্মরত মেডিকেল অফিসার আবু তাহেরের নামে কারণ দর্শানোর একটি নোটিশ জারি করা হয়।
চিকিৎসক আবু তাহের স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য বিভাগকে 'শিষ্টাচার বর্জিত শব্দ প্রয়োগ' করে অভিযুক্ত করার 'অপচেষ্টা' চালিয়েছেন বলে অভিযোগ করা হয় নোটিশে।
আবু তাহের ১৬ই এপ্রিল তার ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দেন, যেখানে তার বিভাগের চিকিৎসকরা প্রয়োজনীয় মাস্ক এবং সুরক্ষা উপকরণ পাচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি।
মাস্ক ও সুরক্ষা উপকরণ মজুত রাখা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ সম্মেলনে মিথ্যাচার করছে বলেও তিনি উল্লেখ করেন।
আবু তাহেরের ওই স্ট্যাটাস 'সরকারি কর্মচারীদের মধ্যে বা কোনো শ্রেণির কর্মচারীদের মধ্যে অসন্তুষ্টি, ভুল বোঝাবুঝি বা বিদ্বেষ সৃষ্টি করতে বা অন্যকে প্ররোচিত করতে' পারে অভিযোগ তুলে তার নামে জারি করা হয় ওই নোটিশ।
সূত্র: বিবিসি বাংলা অনলাইন।
