টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ মারা গেছে। শনিবার সকালে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবি এম আলী হাসান ওই গৃহবধূর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ছয় সপ্তাহের গর্ভবর্তী ওই গৃহবধূ শরীরে রক্তক্ষরণ নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হয়। রাতেই তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি খিঁচুনি শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিলেন। পরে তাকে করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়। শনিবার সকালে তিনি মারা যান।
এদিকে, মারা যাওয়া গৃহবধূর স্বামী অভিযোগ করেন, ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
