কিশোরগঞ্জে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের টিসিবি পণ্য কালোবাজারে বিক্রি করার সময় ৫৯৬ লিটার তেলসহ চারজনকে আটক করেছে র্যাব-১৪। গতকাল শনিবার দুপুরে শহরের সতাল এলাকায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কালোবাজারে বিক্রি করে দেওয়া টিসিবির ৫৯৬ লিটার সয়াবিন তেল, এক বস্তা ডাল ও এক বস্তা চিনি উদ্ধার করা হয়। আটকরা হলেন বিসমিল্লাহ স্টোরের মালিক মো. মাহাতাব উদ্দিন (৪৮), তাহের স্টোরের মালিক মো. আবু তাহের (৩৮), মাইশা স্টোরের মালিক মো. আবদুল হাকিম (৪৫) ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার মো. অলিউল্লাহ (২৮)। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের টিসিবি পণ্য কালোবাজারে বিক্রি হচ্ছে গোপনে খবর পেয়ে শহরের সতাল এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালায় র্যাব। এ সময় মাইশা স্টোর থেকে ২৮২ লিটার, তাহের স্টোর থেকে ১৫২ লিটার এবং বিসমিল্লাহ স্টোর থেকে ১৬২ লিটার তেল, এক বস্তা ডাল ও এক বস্তা চিনি উদ্ধার করা হয়। এ পণ্যগুলো টিসিবির ডিলাররা অন্য ব্যবসায়ীদের কাছে কালোবাজারে বিক্রি করে দেন বলে জানায় র্যাব।
×
