প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত ও সামাজিক দূরত্ব নিশ্চিতে গত ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি স্থানে লকডাউন ঘোষণা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক জরুরি বৈঠকে পঞ্চগড় জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। একই ঘটনায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১৬টি বাড়িও লকডাউন ঘোষণা করা হয়। এছাড়া করোনার সংক্রমণ প্রতিরোধে বরগুনা জেলাকেও অনির্দিষ্টকালের জন্য লকডাউনের আওতায় আনা হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে:
পঞ্চগড়: তেঁতুলিয়ায় এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জরুরি বৈঠক ডেকে পঞ্চগড় জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। সিদ্ধান্ত মোতাবেক গতকাল শনিবার সকাল ১০টা থেকে লকডাউন চলছে। পঞ্চগড়ে লকডাউন কার্যকরে মাঠে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এছাড়া নিত্যপণ্য পরিবহন, সরবরাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বরগুনা : করোনার সংক্রমণ প্রতিরোধে বরগুনা জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করা হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যাওয়া যাবে না।
মুন্সীগঞ্জ : সিরাজদীখানের আকবরনগর গ্রামে এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হওয়ায় গতকাল শনিবার বিকেলে আশপাশের ১৬ বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, আকবরনগর গ্রামের ৬০ বছরের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এতে আক্রান্ত হওয়া ব্যক্তি ও তার সংস্পর্শে আসা প্রতিবেশীদের ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িগুলোতে লাল নিশানা টানিয়ে চিহ্নিত করা হয়েছে।
×
