দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩১২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন।
রবিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৫ জন।
তিনি বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে ভেন্টিলেটর দেওয়া রোগীদের ক্ষেত্রে তেমন সুফল মিলছে না। এখন পর্যন্ত আইসিইউ ভেন্টিলেটরে রাখা নয়জন রোগীর আটজনই মারা গেছেন।
করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন বেড়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যাওয়া লোকজন এই সংক্রমণ ছড়াচ্ছে। এজন্য লকডাউনও সেভাবে কাজ দিচ্ছে না।
