নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারজানা আক্তার নামে ভ্রাম্যমাণ আদালতের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম এ তথ্য নিশ্চিত করেন। এদিকে ম্যাজিস্ট্রেটের করোনায় আক্রান্তের খবরে উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানসহ উপজেলা পরিষদের কর্মকর্তাকর্মচারীরা পরিবারের সদস্যদের নিয়ে হোম কোয়ারেন্টাইনে চলে যান। উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে জ্বর, ঠাণ্ডা ও কাশিসহ করোনা উপসর্গে ভুগছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। এ সংবাদে আতঙ্কে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সহকারী কমিশনারসহ অনেকেই পরিবারের সদস্য নিয়ে হোম কোয়ারেন্টাইনে চলে যান। করোনা আক্রান্ত ফারজানা আক্তারকে উপজেলার পরিষদের ডাকবাংলোতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
×
