করোনাভাইরাস মোকাবিলায় নাগরিকের মৌলিক অধিকারের বিষয়ে অনলাইনে শুনানি ও আদেশের জন্য হাইকোর্টে এক বা একাধিক বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত শনিবার ই-মেইলে এ চিঠি পাঠান মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও পরিচালক অ্যাডভোকেট ইশরাত হাসান। চিঠিতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ এবং চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও আর্থিক অনুদানের নির্দেশনা চাওয়া হয়। চিঠিতে বলা হয়, নাগরিকের অধিকার বাস্তবায়ন না হলে সংবিধান অনুসারে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের উচ্চ আদালতসমূহ একেবারেই বন্ধ থাকায় নাগরিকরা আদালতের দ্বারস্থ হওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
×
