নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেল তুরস্ক। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৩০৬ জন। এর মধ্যে মারা গেছেন দুই হাজার ১৭ জন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এই তথ্য জানিয়েছে।
এদিকে রাজধানী আঙ্কারাসহ ৩১টি প্রদেশে দ্বিতীয় দফা জারি করা ৪৮ ঘণ্টার কারফিউ রবিবার রাতে তুলে নেয়া হয়েছে। এর আগে ১১-১২ এপ্রিল প্রথম দফায় কারফিউ জারি করা হয়েছিল।
প্রথম দফায় কারফিউর আগে দেশটিতে আক্রান্তদের ৩৫ শতাংশই ছিলেন ৬৫ বছর থেকে তার ঊর্ধ্বে বয়সী। শুক্রবার তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন সেটি কমে ১৮ শতাংশে নেমে এসেছে।
প্রসঙ্গত, ডিসেম্বরের মাঝামাঝি চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নভেল করোনাভাইরাসের উৎপত্তি। দেশটিতে এখন করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সেখানে আক্রান্তের সংখ্যা এখন ৮৩ হাজার ৮১৭ জন; মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।
