লক্ষ্মীপুরের রামগতির চরআফজল এলাকায় করোনা উপসর্গ নিয়ে গাজীপুর ফেরত ২২ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় ১০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার রাতে নিজ বাড়িতে মারা যান ঐ যুবক। এ ঘটনায় মৃতের বাড়ি লকডাউন করা হয়েছে।
এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা জানান, ১২ দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরেন তিনি। গতদুই দিন থেকে তিনি গলা ব্যাথা ও জ্বরে ভুগছিলেন। পরে ডায়েরিয়া দেখা দিলে রোববার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, নিহত ব্যক্তি গাজীপুরের আবদুল্লাহপুর এলাকার একটি হোটেলে কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গলা ব্যথা ও জ্বরে ভুগছিলেন। রোববার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও তার সংস্পর্শে আসা ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, সামাজিক সুরক্ষা মেনে রাতেই তার লাশ দাফন করা হয়। করোনার উপসর্গ থাকায় মৃত ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে।
