চট্টগ্রামের কর্ণফুলীতে কবিরাজ, হবিগঞ্জের চুনারুঘাটে রাজমিস্ত্রি, ফেনীর সোনাগাজীতে ট্রাকচালক এবং ঢাকার নবাবগঞ্জে শিশুকে হত্যা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের কর্ণফুলীতে ঘর থেকে ডেকে নিয়ে শায়ের মুহাম্মদ সাগর (৪২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাগর উপজেলার শিকলবাহা ইউনিয়নের অলির বাপের বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে।
নিহতের ছোটভাই মুহাম্মদ জাফর বলেন, রবিবার বিকেলে আমাদের শিকলবাহা বাড়িতে মুখে মাস্ক পরা চারজন মানুষ আসে। তারা একজন রোগীকে চিকিৎসা দেওয়ার কথা বলে আমার ভাইকে নিয়ে যায়।
হবিগঞ্জ : প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রাজমিস্ত্রি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে গত রবিবার রাতে। নিহত সাজিব মিয়া (২৫) ওই গ্রামের উস্তার মিয়ার ছেলে।
ফেনী : সোনাগাজী উপজেলায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় কবির আহাম্মদ (৫৫) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সোনাগাজীর সদর ইউনিয়নের ছড়াইতকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কবির ওই এলাকার ওসমান মিঝি বাড়ির শেখ আহাম্মদের ছেলে।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে গর্তে জমে থাকা পানি থেকে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বক্সনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
