রাজারবাগে মৃত ট্রাফিক কনস্টেবলের নমুনা সংগ্রহ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৪:৩৪ এএম

রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে গতকাল সোমবার সকালে মারা যাওয়া এক ট্রাফিক কনস্টেবলের নমুনা সংগ্রহ করা হয়েছে। জ্বর-কাশি নিয়ে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রবিবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার জয়দেব চৌধুরী জানান, আগে ওই কনস্টেবলের নমুনা পরীক্ষা করা হলেও করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছিল। মৃত্যুর পর নমুনা ফের আইইডিসিআরে পাঠানো হয়েছে। ফলাফল আসার পর সে অনুযায়ী দাফনের ব্যবস্থা নেওয়া হবে। ওই পুলিশ সদস্যের লাশ এখন হিমঘরে রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদকে জানান, ‘এই কনস্টেবল অনেক দিন থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০০২ সালে পুলিশে যোগ দেওয়া এই কনস্টেবলের বাড়ি ঝিনাইদহে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।’ নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘জ্বর-কাশি হওয়ায় গত ১৫ এপ্রিল থেকে কোয়ারেন্টাইনে ছিলেন এই কনস্টেবল। এরপর পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ এসেছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত