মির্জাপুরে আইসোলেশনে মৃত অন্তঃসত্ত্বা করোনা আক্রান্ত ছিলেন না

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০১:০২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

সোমবার রাতে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমুদিনী হাসপাতাল সূত্রে জানা গেছে, ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই নারী শরীরে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে গত বুধবার কুমুদিনী হাসপাতালে ভর্তি হন।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শরীরে ওইদিনই অস্ত্রোপচার করা হয়। গত শুক্রবার সকাল থেকে তার শ্বাসকষ্ট, জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে তাকে আইসোলেশনে রাখা হয়।

পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুর আগে ওই দিন সকালে ওই নারীর নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। রাতে তার মরদেহ হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

এদিকে স্ত্রীর মৃত্যুর পর মুঠোফোনে ওই নারীর স্বামী অভিযোগ করে আসছিলেন, ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, ওই নারীর করোনা শনাক্ত হয়নি। তিনি অন্য কোনো কারণে মারা যেতে পারেন।

কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক এ বি এম আলী এহসান বলেন, গৃহবধূর শরীরে অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা ঠিকই ছিল। যেহেতু করোনা শনাক্ত হয়নি, তাই এয়ার অ্যাম্বুলিজমের মতো কোনো কারণে হয়তোবা তিনি মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত