ত্রাণের দাবিতে শ্রমিক লীগ নেতার নেতৃত্বে বিক্ষোভ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৫:৪৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ত্রাণ সহায়তা চেয়ে শ্রমিক লীগ নেতার নেতৃত্বে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সরাইল উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. ইউনূছ মিয়া ওরফে ইনুর নেতৃত্বে এ মিছিল হয়।

‘আর কত উপবাস থাকব, খাবার দে’- লেখাযুক্ত ব্যানার নিয়ে স্থানীয় সৈয়দটুলা গ্রামের লোকজন এ বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি নিয়ে ভুক্তভোগীরা উপজেলা পরিষদের সামনে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে ত্রাণ সহায়তার দাবিতে নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীদের দাবি, সৈয়দটুলা গ্রামের ৬নং ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ সহায়তা যায়নি। এর ফলে তাদের অনেকের বাড়িতে চুলা জ্বলছে না। এতে করে তাদের মানবেতর দিন কাটছে।

শ্রমিক লীগ নেতা মো. ইউনূছ মিয়া বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সৈয়দটুলা গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দাদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ আসেনি।

তিনি বলেন, এই ওয়ার্ডে হতদরিদ্র ও শ্রমিক রয়েছেন। আমাদের সবার কাজকর্ম বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের জন্য কিছু পাঠিয়েছেন, আমাদের এলাকায় তো এগুলো আসেনি। সেজন্য আমরা বিক্ষোভ করেছি।

এই শ্রমিক লীগ নেতা বলেন, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাদের ত্রাণ দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করার পর আমরা চলে এসেছি।

জানতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা বলেন, ত্রাণের জন্য বিক্ষোভ করা হয়নি। তাদেরকে বলা হয়েছে- সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা করে চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। ইনু এই গুজব ছড়িয়ে তাদেরকে নিয়ে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত