কেন আদিত্য চোপড়ার প্রেমে পড়েছিলেন রানি মুখার্জি?

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৭:৫৩ পিএম

রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার বিয়ের ৬ বছর পূর্ণ হলো। দুজনের বন্ধুত্ব বহু বছরের। শেষ পর্যন্ত দুজন দুজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু নিক-প্রিয়াঙ্কা অথবা রণবীর-দীপিকার মতো এই দম্পতি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন। দুজনের একসঙ্গে ছবি অনেক খুঁজলে তবে পাওয়া যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রানি জানিয়েছেন যে তারা দুজনেই খুব প্রাইভেট পারসন। আর সেটাই ছিল মনের মিল হওয়ার সবচেয়ে বড় কারণ।

বলিউডলাইফ-এর একটি প্রতিবেদন অনুযায়ী, রানি মুখোপাধ্যায় একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে আদিত্য চোপড়া যদি করণ জোহরের মতো কেউ হতেন, তবে রানি কোনো দিনই হয়তো তার প্রেমে পড়তেন না। তিনি বলেন, ‘এমন কোনো জায়গা নেই যেখানে করণ নেই, ও এত বেশি সোশ্যাল, সব সময়ে যে কোনো পার্টির ও মধ্যমণি। প্রত্যেকদিনই ও কিছু না কিছু করে চলেছে। আমার ব্যাপার হল আমি খুব ঘরোয়া মানুষ। যদি আমার স্বামী কাজের পরেও অর্ধেক সময় তার সোশ্যাল লাইফকে দেয়, তাহলে তো আমি পাগলই হয়ে যাব। কারণ অর্ধেক সময় আমি তাকে দেখতেই পাব না। আমি খুব খুশি যে আদি একেবারেই সোশ্যাল পারসন নয়। কাজের পরে সোজা আমার কাছে ফেরে।’

ঠিক এই কারণেই তিনি আদিত্য চোপড়ার প্রেমে পড়েছিলেন, সেই কথাও উল্লেখ করেন অভিনেত্রী। রানি বলেন যে তিনি নিজেও প্রাইভেট পারসন আর সেই কারণেই সম্ভবত তাদের দাম্পত্য এতটা মজবুত। তবে আরও একটি কারণ ছিল। রানি ওই সাক্ষাৎকারে বলেছেন যে ইন্ডাস্ট্রিতে এত বছর কাটানোর পরে, খুব কম মানুষকেই তিনি পেয়েছেন যাদের শ্রদ্ধা করা যায়। আদিত্য চোপড়া তেমনই একজন মানুষ।

আসলে প্রেমের আসল ভিত্তিটা হলো পারস্পরিক শ্রদ্ধা। তার পরে আসে বন্ধুত্বের প্রশ্ন, স্বভাবের মিল, সহনশীলতা। শ্রদ্ধা না থাকলে কোনো প্রেমের সম্পর্কই বেশি দিন টিকতে পারে না। রানি ও আদিত্য পরস্পরকে একাধিক কারণে শ্রদ্ধা করেন। কিন্তু তার মধ্যে একটি বড় কারণ ছিল এটাই যে দুজনেই খুবই ঘরোয়া, লোকদেখানো পছন্দ করেন না। সোশ্যাল মিডিয়ায় পিডিএ তো একেবারেই নয়। বলা যায়, একদিক থেকে এই ডিজিটাল যুগে রানি-আদিত্য এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন নব্বইয়ের প্রেমের আমেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত