শ্রমিকদের বকেয়া পরিশোধ করে দিতে বলেছেন সাকিব

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৮:০৮ পিএম

বকেয়া বেতনের দাবিতে সোমবার বিক্ষোভ করে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কাঁকড়া খামারের শ্রমিকেরা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাকিব। একই সঙ্গে অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে।

সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকার বুড়িগোয়ালিনীতে সাকিব আল হাসানের মালিকানাধীন ‘সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড’ নামের কাঁকড়ার হ্যাচারির শ্রমিকেরা এ বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল তারা চার মাস ধরে বেতন পাচ্ছেন না।

সাকিব এই মুহূর্তে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই খামার কর্তৃপক্ষকে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন। ফার্মের আরেক অংশীদার সগীর হোসেন পাভেল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের একটি প্রথমসারির ইংরেজি দৈনিককে সগীর বলেন, ‘এই ঘটনার পর আমি সাকিবের সঙ্গে গতকাল কথা বলেছি। আমরা আজ ম্যানেজারের সঙ্গে আলোচনায় বসব। সাকিব শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করে দিতে বলেছে।’

শ্রমিকদের বিক্ষোভের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সগীর দাবি করেন, শ্রমিকেরা সবাই চার মাসের বেতন দাবি করলেও আসলে সকলেই চার মাসের বেতন পাবেন না।

সগীর বলেন, ‘আমাদের চালান গত জানুয়ারি থেকে বন্ধ রয়েছে এবং জানুয়ারিতেই আমরা ৮০ শতাংশ শ্রমিকদের বিদায় দিয়েছি এবং সেখানে ২৫০ এর মতো শ্রমিক ছিল। এখানে এখন ৪০ জনের মতো শ্রমিক রয়েছে। যারা এখন ফার্মে ছিল যাদের আমরা ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে ধারাবাহিকভাবে বিদায় দিয়েছি। তাই সব শ্রমিক চার মাসের বেতন পাবে এটা ঠিক না।’

‘তারপরও আমরা জানুয়ারিতে বিদায় দেওয়া সংখ্যাগরিষ্ঠ শ্রমিকের প্রতি আমরা অত্যন্ত নম্র ছিলাম এবং তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের পাওনা পরিশোধ করতে রাজি ছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে আমাদের ব্যবসায় মন্দা যাচ্ছে এবং অনেক বিল আটকে আছে। কেবল আমাদের খামারই না, এখন অন্যান্য সমস্ত খামারগুলোও একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কেউ পণ্য রপ্তানি করতে পারছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত