রূপগঞ্জে লকডাউনেও থেমে নেই সংঘর্ষ, খুনোখুনি

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০১:৪৬ এএম

করোনাভাইরাসের প্রকোপের কারণে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলার রূপগঞ্জ উপজেলায় লকডাউন চলছে অনেকটা ঢিলেঢালাভাবেই। হাটবাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। আর এর মধ্যেই খুনোখুনি ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

স্থানীয় ও রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলায় লকডাউনের মধ্যে এ পর্যন্ত দুটি হত্যাকা-ের ঘটনা ও দুটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়া বেশ কয়েকটি এলাকায় মারামারির বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। গত ১ এপ্রিল উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোড়াবো এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অবিনাশ সরকার (৫২) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় তিনজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা হলেও আসামিরা গ্রেপ্তার হয়নি। 

গত ৮ এপ্রিল মাঝিনা নদীর পাড় এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে ফজলুল হক (৮৫) নামে এক ব্যক্তিকে তার ভাই ও পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ছেলে আজম রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৯ এপ্রিল লকডাউন অমান্য করে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে কয়েক দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত হয়।

গত ১৮ এপ্রিল উপজেলার তারাব হাটিপাড়ায় মাদক বিক্রির আধিপত্য নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, যেখানে সংঘর্ষ বা বিশৃঙ্খলা ঘটছে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। লকডাউনের মধ্যে সাধারণ মানুষকে ঘরে রাখতে পুলিশ তৎপর রয়েছে। উপজেলার সব এলাকায় নিয়মিত টহল দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত