চট্টগ্রামে ১০ মাসের শিশুসহ চার জনের করোনা শনাক্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৮:১৮ এএম

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ-বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে মোট ৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে দশ মাস বয়সী এক শিশুর শরীরেও করোনা পাওয়া গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামের ১০ মাস বয়সী এক শিশু রয়েছে। এছাড়া বাকি তিনজন বান্দরবান জেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, চন্দনাইশের দশ মাসের শিশুটি ছাড়াও বান্দরবানের লামা উপজেলার এক নারী রয়েছে। যার বয়স ৩২ বছর। এছাড়া থানচি উপজেলার ৩৫ বছর বয়সী দুইজন পুরুষও রয়েছেন।

চট্টগ্রামে ২৬ মার্চ থেকে ২১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত বিআইটিআইডিতে এক হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে ৭৫ জনের। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা পজিটিভ রয়েছেন ৪০ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলায় মারা গেছেন পাঁচজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত