করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারেণ ভারতের চেন্নাইয়ে আটকে পড়া আরও ১৬৪ বাংলাদেশিকে তৃতীয় দফায় ফিরিয়ে আনছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বুধবার ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২০ ও ২১ এপ্রিলের ধারাবাহিকতায় আজ বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে চেন্নাই থেকে তৃতীয় দফায় আটকে পড়া যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে ইউএস বাংলার ফ্লাইটটি।
এছাড়া আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দু’টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে। চেন্নাই থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে ছেড়ে আসবে এবং বিকেল সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছাবে।
গত একমাসের বেশি সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য গিয়ে আটকে রয়েছে হাজার হাজার বাংলাদেশি।
গত ১৭ এপ্রিল থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিল না, এ অবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং সহযোগিতার হাত বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে।
যাত্রীদের করোনাভাইরাস মুক্ত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে অবশ্যই নিজ নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। আর যেসব যাত্রীদের কভিড-১ নেগেটিভ সার্টিফিকেট নাই সেসব যাত্রীদের সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা রয়েছে।
