ডা. মঈনের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনাকারী যুবক আটক

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১১:৩১ পিএম

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ডা. মঈনের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনা করায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে রিয়াজুল আবির (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে সাইবার পুলিশের একটি বিশেষ টিম বাড্ডা এলাকা থেকে আবিরকে আটক করে। তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্র জানায়, গত ১৫ এপ্রিল সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনায় মারা যাওয়ার পর চিকিৎসক সমাজকে উসকানি দিয়ে আবির সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম প্রচার চালায়। সে ডা. মঈনের নামে নানা রকম কুৎসাও রটায়।

এতে চিকিৎসকদের অনেকে সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারকারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থার অনুরোধ জানায়।

সাইবার পুলিশের ২৪/৭ অনলাইন মনিটরিং সেল ডা. মঈনসহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করে। তারই ধারাবাহিকতায় আবিরকে বাড্ডা থেকে আটক করা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত