১৫৪ কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে : ইউনেস্কো

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০১:০৪ এএম

কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সারা বিশ্বের ১৫৪ কোটিরও বেশি শিক্ষার্থী মারাত্মক ক্ষতির শিকার হবে বলে জানিয়েছে ইউনেস্কো। সংস্থটির ভাষ্য, দীর্ঘমেয়াদি বন্ধের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হবে মেয়েদের। কারণ এ ঘটনায় শিক্ষাক্ষেত্রে ঝরেপড়া ও লিঙ্গবৈষম্য আরও বেড়ে যাবে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি।

ইউনেস্কোর শিক্ষা বিভাগের সহকারী পরিচালক স্তেফানিয়া জিয়ান্নি পিটিআইকে বলেন, ‘করোনা মহামারীর কারণে সারা বিশ্বের মোট শিক্ষার্থীর ৮৯ শতাংশই তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া থেকে বিরত রয়েছে। সংখ্যা হিসাবে সেটি ১৫৪ কোটি। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী রয়েছে আনুমানিক ৭৪ কোটি। তাদের মধ্যে আবার ১১ কোটিরও বেশি স্বল্পোন্নত দেশে বাস করে। দীর্ঘমেয়াদি বন্ধে তাদের মৌলিক অধিকার ক্ষুণœ হতে পারে। কারণ, এ সময় যৌন নিযাতন ও জোরপূর্বক বাল্যবিয়ের প্রবণতা বেড়ে যাবে।’

জিয়ান্নির মতে, শরণার্থী শিবিরে থাকা মেয়েরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে। কারণ বাস্তুচ্যুত এসব মেয়ে খুব সামান্যই পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সেই সুযোগ হারাবে তারা। কোনো কোনো ক্ষেত্রে সেটি দীর্ঘমেয়াদি বিরতিতে রূপ নিতে পারে। জিয়ান্নি বলেন, আমরা কেবল কভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির কথাই ভাবছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত