সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মির্জাপুরের প্রথম করোনা রোগী

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৩:২১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্ত রোগী অখিল সরকার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ১৬ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার বাড়ি ফেরেন তিনি।

ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা চলাকালে পরপর দুইবার পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসেন।

বুধবার রাতেই তার সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। তবে আগামী সাত দিন তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে অখিল জানান, চিকিৎসা চলাকালে গত ১৮ ও ২১ এপ্রিল পর পর দুইবার তার করোনা পরীক্ষা হয়। পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।

অখিল সরকার নারায়ণগঞ্জের একটি বেসরকারি পলি ক্লিনিকে মেডিকেল অ্যাসিট্যান্ট হিসেবে চাকরি করেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন।

গত ৫ এপ্রিল তিনি করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরে তার গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে পরদিন সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের লোকজন তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠায়।

মঙ্গলবার ৭ এপ্রিল তার করোনা শনাক্তের বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

ওইদিন রাতেই তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয। সেখানেই তার চিকিৎসা চলে।

অখিল সরকার বলেন, বর্তমানে করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ চলছে। ধৈর্য্য, মনোবল আর নিয়মের মধ্যে থেকেই এই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। যারা আক্রান্ত হননি তারাও এই যুদ্ধে সামিল হয়েছেন। তবে নিরাপদ দূরত্ব এবং বাড়িতে অবস্থানের মাধ্যমে তারাও এই যুদ্ধে জয়ী হতে পারেন বলে তিনি মনে করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, মির্জাপুরের একমাত্র  করানায় আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা খবরটি দুঃসময়ে আশার আলো জ্বালিয়েছে। তবে করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে তিনি ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত