করোনায় এফডিসির বিভিন্ন সংগঠনের কর্মীদের পাশে নিপুণ

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১০:৪৫ পিএম

করোনাভাইরাসের কারণে সারা দেশে চলছে সাধারণ ছুটি। এ সময়ে পুরোদমে বন্ধ রয়েছে চলচ্চিত্রের শুটিংও। ফলে এফডিসির দিন এনে দিন খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। অসহায় সেই সব মানুষদের পাশে এবার দাঁড়ালেন চিত্রনায়িকা নিপুণ।

গত বুধবার তিনি এফডিসির স্ত্রিরচিত্রগ্রাহকদের টাকা দিয়েছেন। নিপুণ জানান, প্রায় ১৫ জন স্থির চিত্রগ্রাহককে তিনি নগদ টাকা দিয়েছেন। এ ছাড়া শিল্পী সমিতির সদস্যদের জন্য খাবার দিয়েছেন।

দেশ রূপান্তরকে নিপুণ বলেন, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সবাইকে সহায়তা করতে। সব সংগঠনের সভাপতিদের কাছে অসহায় সদস্যদের লিস্ট চেয়েছি। ইচ্ছে আছে তাদের জন্য দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করার।’

নিপুণ এর আগে শবে বরাত উপলক্ষে বনানী থানার ৭০ জন পুলিশকে খাবার খাইয়েছেন। এ ছাড়াও তিনি তার প্রসাধনী ও লাইফ স্টাইল কেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’র কর্মীদের অগ্রিম বেতন দিয়ে ছুটিতে পাঠান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের সচেতন করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নিপুণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত