লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে এক ভারতীয় নাগরিককে পুশইনে বাধা দেওয়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এক সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানান রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক।
এ ঘটনায় সীমান্তে বিজিবি ও বিএসএফ শক্তি বৃদ্ধি করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বুড়িমারী-চ্যাংড়াবান্দা জিরোপয়েন্টের কাছে বাংলাদেশে অনুপ্রবেশ করে বিএসএফের একটি দল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে। এতে সেখানে দায়িত্বরত বিজিবি সদস্য ও গ্রামবাসীরা বাধা দিলে প্রথমে ফিরে যায় বিএসএফ। পরে আবারও অস্ত্রশস্ত্র নিয়ে ৭০-৮০ জনের বিএসএফের একটি দল আবারো পুশইনের চেষ্টা চালায়। তবে দ্বিতীয়বারও বাধা পেয়ে তারা শটগানের অন্তত আট রাউন্ড গুলি ছুড়ে ফিরে যায়। এতে আহত হন বিজিবি সদস্য খোকন মিয়া ও বুড়িমারী এলাকার ফিরোজা বেগম, আজিজ পেট্টু, মো. আরেফ হোসেন ও মো. রশিদুল ইসলাম।
আহত আব্দুল আজিজ পেট্টু জানান, হঠাৎ করেই বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় চ্যাংড়াবান্দা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একজন ভারতীয় নাগরিককে পুশইন করার চেষ্টা চালায়। এই খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে বিজিবি ও স্থানীয় লোকজন জড়ো হয়ে এর প্রতিবাদ জানায়। কিন্তু বিএসএফ সদস্যরা কোনো কারণ ছাড়াই এলোপাতাড়ি রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে।
বুড়িমারী স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক বলেন, এ ঘটনায় আমরা কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন রয়েছে।
