পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত মহসীন মল্লিক (৫০) নামের শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার সকালে কাজ শেষে ওই শ্রমিক বাড়ি ফেরার পথে রূপপুর তিনবটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শ্রমিক মহসীন মল্লিক রূপপুর প্রকল্পের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমত কোম্পানিতে কর্মরত ছিলেন।
মহসীন মল্লিক পাকশী ইউনিয়নের রূপপুর নলগাড়ি গ্রামের মৃত মোতাহার হোসেন মল্লিকের ছেলে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চক্রবর্তী জানান, সকালে কাজ শেষ করে শ্রমিক মহসীন মল্লিক মোটরসাইকেলে করে রূপপুর তিনবটতলা হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আওতাপাড়ার দিক হতে আসা একটি ট্রাক মোড়ের উপর মোটরসাইকেলটিকে চাপা দেয়।
সে সময় গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। তবে পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
