রংপুরে জমির বিরোধে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০১:৪১ পিএম

রংপুর নগরীরতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জহুরুল ইসলাম (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালের এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পশুরাম থানার ওসি আব্দুল গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নগরীর পশুরাম থানার চিলেরঝাড় মহল্লার মোজাম্মেলের সাথে জহুরুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে দুপক্ষকে নিয়ে শালিস বসে। বৈঠক চলাকালে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল তার স্বজনরা জহুরুল ইসলামের মাথায় ছোরা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

এ ব্যাপারে পশুরাম থানার ওসি আব্দুল গনি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোজাফফর হোসেন ও আমেনা বেগম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় নিহত জহুরুল ইসলামের ছেলে রায়হান আলী বাদী হয়ে পশুরাম থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত