ভিআইপিদের জন্য হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব: কাদের

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৪:০৫ পিএম

করোনা চিকিৎসায় দেশের ভিআইপিদের বিশেষ হাসপাতাল রাখার বিষয়টিকে স্রেফ গুজব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে একটি মহল প্রচারণা চালাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব। আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের কোন প্রস্তাবে সমর্থন দেননি।

তিনি বলেন, রোগীকে রোগী হিসেবে দেখব, এখানে ধনী-দরিদ্র, বিত্তবান-বিত্তহীনের কোনো বিষয় নেই। কারণ করোনা দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে কাউকে ছাড় দেবে এমনটা মনে করার কোনো কারণ নেই।

শুক্রবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক ডিজিটাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের দেশে কেউ কেউ করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান করেছেন। কিন্তু সারা দুনিয়ায় করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার কোনো নজির নেই।

তিনি বলেন, এ সময়ে যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করা দায়িত্বশীলতার পরিচয়। প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভালো পরামর্শ কোনো রাজনৈতিক দল যদি সরকারকে দেয়, তাহলে অবশ্যই করোনা প্রতিরোধের জন্য সেই ভালো পরামর্শ সরকার সানন্দে গ্রহণ করবেন।

তিনি বলেন, করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি আজকে অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। অদৃশ্য শক্তিকে মোকাবিলা করার জন্য আজকে যার যার দায়িত্ব পালন করা উচিত। প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনে চলাই প্রথম এবং প্রধান কর্তব্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত