করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ (৬০) ও এক গর্ভবতী নারীর (২৪) মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছে।
এছাড়া মৃত দুইজনের সংস্পর্শে আসা আরো ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকেও হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের শাকিলা খাতুন (২৪) নামে গর্ভবতী মহিলা মারা গেছেন। সে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। রাতেই তার মৃত্যু হয়।
অপর দিকে ৬০ বছর বয়সী বৃদ্ধ চৌগাছা উপজেলার জামিরা গ্রামের বাসিন্দা। তিনিও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় হাসপাতালে ভর্তি হন। ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ৫ জনকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাদের দুই জনকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে। তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা রিপোর্ট হাতে আসার পরে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
