নরসিংদীতে করোনাভাইরাস থেকে পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিতে জেলা পুলিশ লাইন্স এবং পুলিশ সুপারের কার্যালয়ের প্রবেশ পথে জীবাণুনাশক ট্যানেল বসানো হয়েছে। শুক্রবার বিকালে 'জীবাণুনাশক টানেল' স্থাপন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।
জানা যায়, কোন ব্যক্তি উক্ত টানেলে প্রবেশের সময় লেজার সেন্সরের মাধ্যমে জীবাণুনাশক সক্রিয় হয়ে ৩৬০ ডিগ্রী এ্যাঙ্গেলে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক স্প্রে করা হবে। এতে করে পোশাকে থাকা ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া মরে যাবে। এছাড়াও এতে আছে স্যানেটাইজিং কার্পেট যা জুতায় থাকা ভাইরাস দূর করবে।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, মরণব্যাধি করোনা প্রতিরোধে পুলিশ সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করছে। এ অবস্থায় পুলিশ সদস্যদের নিরাপদ রাখতে জেলা পুলিশ লাইন্স এবং পুলিশ সুপারের কার্যালয়ে জীবাণুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে। এতে ট্যানেলের ভিতর দিয়ে পুলিশ সদস্যরা প্রবেশ ও বাহির হবে ফলে সকলে জীবাণুমুক্ত নিরাপদ থাকবে। পর্যায়ক্রমে নরসিংদী ডেডিকেটেড করোনা হাসপাতালসহ পুলিশের প্রতিটি ইউনিটে ''জীবাণুনাশক টানেল'' স্থাপন করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ প্রমুখ।
