নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তাকে (আরএমও) প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে সরকারি হাসপাতালের পিছনে পরিত্যাক্ত ভবনের সামনে নেশাগ্রস্থ একদল যুবক প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানা যায়। খবর পেয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
আরএমও ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, স্বাস্থ্য কমপেক্সের পিছনের পরিত্যক্ত ভবনের ভিতরে একদল বখাটে যুবক প্রায় সময়ই নেশাসহ আড্ডাবাজি করে। সপ্তাহে অন্তত ৩-৪ দিন রাত ও ভোর বেলায় এদের আড্ডা চোখে পড়ে। শুক্রবার সকাল ৮টার দিকে পৌরসদরের মার্কাজ মোড় এলাকার কামাল উদ্দিনের পুত্র মেহেদী হাসান জয় (২০), আতরাখালী এলাকার সানি (১৯), আকাশ (১৮), হৃদয় (১৯) ওই পরিত্যাক্ত ভবনে নেশা করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে নিষেধ করতে গেলে ওই যুবকরা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে ও হুমকি দেয়।
এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হবে এবং বিষয়টি ফোনে ওসি ও ইউএনওকে জানানো হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মৌখিকভাবে ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
