যুক্তরাজ্যে করোনায় ভারতীয়রা বেশি মারা যাচ্ছে

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১০:৪৩ পিএম

যুক্তরাজ্যে করোনা সংক্রমণে মৃত্যুবরণকারীদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যাই বেশি।   ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) বরাত দিয়ে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক এই তথ্য জানিয়েছেন।

গত ১৭ এপ্রিল পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এনএইচএস জানিয়েছে, দেশটিতে করোনায় মৃত ১৩ হাজার ৯১৮ জন রোগীর মধ্যে ১৬.২ শতাংশ হলো বিএএমই (ব্ল্যাক, এশিয়ান, মাইনরিটি এথনিক) সম্প্রদায়ের মানুষ। এর মধ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষ রয়েছেন তিন শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যারিবিয়ানরা। শতাংশের নিরিখে ২.৯। পাকিস্তানি বংশোদ্ভূত মারা গিয়েছেন ২.১ শতাংশ।

বিএএমই সম্প্রদায়ের মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেন, ‘এই তথ্য সত্যিই আমার চিন্তা বাড়িয়েছে।’

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কাউন্সিল চেয়ার ডা. চাঁদ নাগপাল দাবি করেছেন, এই ভয়াবহ অসাম্য দূর করতে সরকারের অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। সমাজের সকলকে সমানভাবে রক্ষা করতে হবে। বিএএমই সম্প্রদায়ের মানুষ যে বিপদের মুখোমুখি হচ্ছে, তা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকটি কারণে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুতে এই অসাম্য দেখা গিয়েছে। এই সম্প্রদায়ের মানুষের মধ্যে হার্টের রোগ ও ডায়বেটিস বেশি। এছাড়া ভিটামিনের অভাবও রয়েছে। পাশাপাশি, পারিবারিক বন্ধন এমনই যে, সামাজিক দূরত্ব বজায় রাখাও কঠিন।

ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়ান অরিজিনের প্রেসিডেন্ট ডা. রমেশ মেহেতা বলেন, বিএএমই নাগরিকদের মধ্যে এই ভাইরাসের প্রভাব কীভাবে কমানো যায়, তা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

সূত্র: বর্তমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত