করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন তুলে নিতে যাচ্ছে বেলজিয়াম। এ নিয়ে বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছেন ইউরোপের দেশটির প্রধানমন্ত্রী সোফিয়ে উইলমেস।
পরিকল্পনা অনুযায়ী ১১ মে থেকে সব ধরনের দোকানপাট খোলার অনুমতি দেওয়া হবে। পরের সপ্তাহ থেকে খোলা হবে স্কুলগুলো। অবশ্য ক্লাসে শিক্ষার্থী সংখ্যা বেধে দেওয়া হবে।
লকডাউন তোলার ক্ষেত্রে এসব পরিকল্পনার কোনোটাই স্থির না বলেও সতর্ক করে দিয়েছেন বেলজিয়ান প্রধানমন্ত্রী।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, পশ্চিম ইউরোপের ক্ষুদ্র ও অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বেলজিয়ামে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ৬ হাজার ৬০০।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে ১২ মার্চ থেকে লকডাউন চলছে বেলজিয়ামে। টানা অচলাবস্থায় অর্থনীতিসহ স্থবির হয়ে পড়েছে সবকিছু।
শুক্রবার কয়েক ঘণ্টা আলোচনার পর চলমান লকডাউন ওঠানোর দিনক্ষণ, পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী উইলমেস।
কাপড়ের দোকানগুলো প্রথমে খোলার অনুমতি দেওয়া হবে। ৪ মে এসব দোকান খোলার পরের সপ্তাহে খুলবে অন্যান্য পণ্যের দোকানগুলো। স্কুলগুলো খোলা হবে ১৮ মে। তবে প্রতি ক্লাসে ১০ জনের বেশি শিক্ষার্থী থাকবে না।
আর ৮ জুনের আগে ক্যাফে ও রেস্টুরেন্টগুলো খোলার অনুমতি দেওয়া হবে না।
ইউরোপের আরও অনেক দেশ লকডাউন শিথিলের পথে হাঁটছে। এরমধ্যে রয়েছে ইউরোপের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি। ৪ মে থেকে ধীরে ধীরে স্কুলগুলো খোলা শুরু হবে দেশটিতে। তবে বার, ক্যাফে, রেস্টুরেন্ট, সিনামা হল ও মিউজিক ভেন্যুগুলো বন্ধই থাকবে।
শুক্রবার নাগরিকদের ওপর চলাফেলার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে চেক প্রজাতন্ত্রও।
