সাতক্ষীরা সদর হাসপাতালে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০১:৩৮ পিএম

সাতক্ষীরা সদর হাসপাতালে তথ্য গোপন করে জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে তার মৃত্যু হয়।

যুবকের নাম হারুণ আর রশীদ (৪০)। তিনি কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার  সাবেদ সরদারের ছেলে।

ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকত হোসেন বলেন, গত ৫দিন আগে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ি আসেন হারুন। আসার পরে এলাকার মানুষের ও প্রশাসনের পদক্ষেপে তাকে স্থানীয় ছোট মিয়ার’র মাজার শরীফের একটি কক্ষে তাকে কোয়ারেন্টাইন করা হয়।

সেখানে তার জ্বর, শ্বাসকষ্ট কাশিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে শুক্রবার গ্রাম্য চিকিৎসকের পরামর্শে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টায় ১০ মিনিটে মৃত্যু হয় তার।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, ওই যুবকের কাছে বারবার তার সাম্প্রতিক ইতিহাস জানার চেষ্টা করলেও তিনি ও তার আত্মীয় স্বজন মিথ্যা বলেছেন। পরে মারা যাওয়ার পর তার আত্মীয়স্বজনরা বলছেন যুবক সম্প্রতি ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন।

তথ্য গোপন করা শাস্তিযোগ্য অপরাধ। তাকে আমরা করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে পারতাম। বিষয়টি নিয়ে চিকিৎসক নার্সদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তার নিকটাত্মীয়দের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে।

এদিকে কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল বলেন, এ ঘটনায় মৃত হারুনের বাড়িসহ ৬টি বাড়িতে এবং ছোট মিয়ার মাজার শরীফে লাল পতাকা টানিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত