কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের করোনাভাইরাস শনাক্ত হওয়া এক ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে গেছেন।
আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী মিজান মিয়ার করোনা ‘পজিটিভ’ আসে।
উপজেলা প্রশাসন শুক্রবার দুপুরে উপজেলার কাজিয়াতল গ্রামে গিয়ে আক্রান্ত মিজানের ঘরটিকে আইসোলেশন হিসেবে ঠিক করে বাড়িটি লকডাউন করে দেয়। কিন্তু শুক্রবার রাতের কোনো এক সময় পালিয়ে যান মিজান।
শনিবার দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম জানান, রোগীর শরীরে বাহ্যিক কোনো লক্ষণ না থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন বেডে না রেখে বাড়িতে আইসোলেশন নিশ্চিত করে বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছিল।
তবে পালিয়ে যাওয়া এই রোগী থেকে এখন অন্যদের সংক্রমিত হবার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।
