বাংলাদেশের দিকে ধেয়ে আসছে পঙ্গপাল: দ্য হিন্দুর প্রতিবেদন

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১০:০১ পিএম

মহামারি করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই ভারত ও বাংলাদেশে পঙ্গপাল হানা দিতে পার বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ভারতের দ্য হিন্দু এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানায়। 

ওই প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগর অতিক্রম করে একদল পঙ্গপাল সরাসরি ভারত উপদ্বীপের কৃষিজমিতে নেমে পড়তে পারে। এরপরই যাবে বাংলাদেশের দিকে।

প্রতিবেদনটি লেখেন আতুল আনজেনা। 

ওই প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের বিরুদ্ধে ভারত যখন প্রাণপণে লড়ে যাচ্ছে তখন দেশটির দিকে ধেয়ে আসছে আরেকটি ভয়াবহ বিপদ। এ গ্রীষ্মেই ভারতের কৃষি জমিতে হামলে পড়তে পারে পঙ্গপাল।

সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, দুই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। একটি হচ্ছে চলমান করোনাভাইরাসের বিরুদ্ধে আর অন্যটি হচ্ছে পঙ্গপালকে প্রতিরোধ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে।

ওই সূত্রটি জানায়, হর্ন অব আফ্রিকা থেকে একদল পঙ্গপাল গতিপথে মরু অঞ্চলের আরেক দলের সঙ্গে যুক্ত হয়ে হানা দিচ্ছে। এদের একটি ঝাঁক ইয়েমেন, বাহরাইন, কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব এবং পাকিস্তান হয়ে ভারতে হানা দিচ্ছে। এরা ভারতের পাঞ্জাব, হরিয়ানাসহ আরো কয়েকটি এলাকায় ঢুকছে।

অন্য দলটি ভারত মহাসাগর অতিক্রম করে সরাসরি ভারত উপদ্বীপের কৃষিজমিতে নেমে পড়তে পারে। এরপরই যাবে বাংলাদেশের দিকে।

গত কয়েক দশকে সবচেয়ে বড় পঙ্গপাল উৎপাতের মধ্যে পড়তে যাচ্ছে বিশ্ব। এতে আফ্রিকাসহ বিশ্বের লাখ লাখ মানুষকে খাদ্যাভাবে ফেলে দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত